নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৪৬, ৬ জুন ২০২১
‘রোজিনাকে হেনস্তার ঘটনায় কী ব্যবস্থা নিয়েছে সরকার’, সংসদে রুমিন
জাতীয় সংসদে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় দায়ীদের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হয়েছে স্পিকারের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা। একই সাথে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
রোববার (৬ জুন) জাতীয় সংসদে চলতি বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘সম্প্রতি স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর দুর্নীতির খবর এসেছে। হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু ১৫ থেকে ২০ লাখ টাকা নেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন- ‘এখন এক কোটি নিন, পরে এক কোটি পাবে’, ‘৩৫০ কোটি টাকার জরুরি কেনাকেটা নিয়ে অনিয়ম’, ‘টিকা নিয়ে দুই ধরনের তথ্য’, ‘রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তার’- ইত্যাদি শিরোনামের নানা রিপোর্ট স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন তখন তাকে চরমভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।’
তিনি বলেন, ‘আমি মানুষের চিন্তা বা মত প্রকাশের স্বাধীনতা এবং উন্মুক্ত গণমাধ্যমের স্বার্থে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, রোজিনাকে ৬ ঘণ্টা ধরে হেনস্তা করা হলো, যারা এর জন্য দায়ী তাদের ব্যাপারে সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাই।’
রুমিন বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে একটা বিষয় খুব স্পষ্ট বলতে চাই, কোনো গণমাধ্যমকে তার রিপোর্ট প্রকাশের জন্য যদি হেনস্তার শিকার হতে হয়, জীবন হুমকির মুখে পড়তে হয়, তখন আর কোনো গণমাধ্যমই স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিশ্ব গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। এমনকি মিয়ানমার এবং আফগানিস্তানের অবস্থা বাংলাদেশের চাইতেও ভালো।’
তিনি বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেও বিগত ১০ বছরের স্বাস্থ্য সেবায় এডিপি বাস্তবায়ন এই বছরের সবচেয়ে কম। প্রথম ১০ মাসে বরাদ্দের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
বিএনপির এই সাংসদ বলেন, ‘এই মহামারির শুরু থেকেই টিকা ব্যবস্থা নিয়ে আমরা নয়ছয় দেখেছি। সেরাম ইনস্টিটিউটের ছয় মাসে তিন কোটি ডোজ দেয়ার কথা থাকলেও এবং সে বাবদ মূল্য পরিশোধ করার পরও টিকা আসে মাত্র ৭০ লাখ পিস। আর বেক্সিমকো এর মধ্যেই লাভ করে নিয়েছে ৩৮ কোটি টাকা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় চাপের কারণেই সরকার বিকল্প পথে যেতে পারে নাই। এটা কে বলেছেন? বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি যখন একথা বলেন সেটা নিয়ে আর সন্দেহের কোনো অবকাশ থাকে না। টিকা বিক্রি করে এক ক্ষমতাশালী ব্যক্তির লাভের কারণে রাষ্ট্রের নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে।’
বিএনপি দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ৩০ হাজার কোটি টাকা কমে ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা করা হয়েছে।
তিনি বলেন, সম্পূরক বাজেটে ১৯টি মন্ত্রণালয়ের বরাদ্দ বৃদ্ধির তালিকা দেওয়া হয়েছে। তাতে যে সকল মন্ত্রণালয় বাদ পড়েছে সে সব মন্ত্রণালয় হচ্ছে- কৃষি, সমাজ কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রুমিন ফারহানা বলেন, চলতি অর্থবছরে কৃষিতে বরাদ্দ ছিল অপ্রতুল। এই বাজেটে আরও কমেছে। এদিকে খাদ্য শস্যের আমদানি সাম্প্রতিক অতীতের সর্বোচ্চ পর্যায়ে গেছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















