ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

প্রকাশিত: ১১:৪৭, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:০১, ৭ সেপ্টেম্বর ২০১৯

মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণু নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনিউজ ডেস্ক: আজকের কিশোর আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। অথচ বয়সন্ধির উন্মাতাল সময়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে।

ইভটিজিং, মাদকাসক্তি থেকে ধর্ষণ, এমনকি হত্যার মতো গুরুতর অপরাধে পর্যন্ত জড়িয়ে পড়ছে কিশোররা। এর পেছনে অন্যান্য বিষয়ের সাথে জড়িত রয়েছে মাদক। মাদকের কারণে কিশোরদের একাংশ জড়িয়ে পড়ছেন বিভিন্ন ধরনের অপরাধে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণু নীতি নিয়ে সরকার কাজ করছে। মাদক সমাজকে ধ্বংস করে দেয়। এ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হবে। এ লক্ষ্যে সামাজিক আন্দোলনসহ সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মাদকের সরবরাহ বন্ধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। যারা মাদকে আসক্ত হয়েছে, তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সরকার সে চিকিৎসার ব্যবস্থা করেছে।

কিশোরদের অপরাধে জড়ানোর দায় কিছুটা অভিবাবকদের উপরও পরে এমনটাই মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। এ নিয়ে অভিভাবকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা কেন আপনাদের সন্তানদের খেয়াল রাখেন না? কিশোরেরা কেন সন্ধ্যাবেলা বাইরে যায়? খেয়াল রাখতে হবে, তারা যেন সন্ধ্যায় বাসায় ফিরে আসে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর স্টাফ কলেজের কনভেনশন হলে ‘মাদক সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মুঠোফোনে ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইদানীং কিশোর গ্যাংয়ের আবির্ভাব হয়েছে। তারা অপরাধ করলে তাদের জন্য যে আইন রয়েছে, তাদের সে আইনের মুখোমুখি হতে হবে।

কিশোরদের এসব অপরাধমূলক কর্মকান্ডের পেছনে ভূমিকা রয়েছে তথ্যপ্রযুক্তিরও। বেশির ভাগ কিশোর গ্যাং সক্রিয় হচ্ছে ফেসবুকে গ্রুপ চ্যাটের মাধ্যমে। তাই এ সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তথ্যপ্রযুক্তি মানুষের উপকারে আসছে। তবে ইদানীংকালে মানুষ মুঠোফোন, ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে।'

এ অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল, মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেলফোন দরকার আছে। কিন্তু যে জায়গাটা তোমাদের জন্য ক্ষতিকর, সেখানে যেও না।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়