ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১১ ১৪৩৩

প্রকাশিত: ১২:৩৬, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:১৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে সরকারি খাল দখল করে খামার নির্মাণ

ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভায় সরকারি খাল অবৈধভাবে দখল করে মুরগির খামার নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে খাল থেকে পুকুরে প্রবেশ করা পানি হয়ে পড়ছে ব্যবহার অনুপযোগী। অন্যদিকে খালের উপরেই খামার তৈরি করায় ব্যহত হচ্ছে খাল দিয়ে নৌ চলচল।

জানা যায়, বেশকিছু দিন আগে পৌরসভার ৬নং ওয়ার্ডের মিয়া বাড়ির পিছনে একটি প্রবহমান খালের উপর মুরগির ফার্মটি নির্মাণ করেছে একই এলাকার মৃত আঃ লতিফ মিয়ার ছেলে আঃ মান্নান মিয়া। এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)  বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ এলাকার  মোঃ দেলোয়ার হোসেন।

তিনি লিখিত অভিযোগে জানান, 'ঝালকাঠি পৌরসভার বাসিন্দা গ্রামের মিয়া বাড়ির পিছন দিয়ে বাসিন্দা নদীর সাথে সংযুক্ত সরকারি প্রবহমান খালের উপর আঃ মান্নান মিয়া অবৈধভাবে দখল করে মুরগির খামার নির্মাণ করেছেন। এতে মিয়া বাড়িসহ আশেপাশের বাড়ির মানুষ খাল দিয়ে পুকুরে প্রবেশকৃত পানি ব্যবহার করতে পারছে না। খালটি সম্পূর্ণভাবে দখল করায়  নৌকা যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে। মুরগির খামার নির্মাণের ফলে ভবিষ্যতে খালটি  মরে গিয়ে আশেপাশের জমির ও বৃষ্টির পানি বের হতে বিঘ্ন ঘটবে। মুরগির বর্জ্য পানিতে পড়ে খালের পানি ও আশে পাশের বাড়ির পরিবেশ দূষিত হচ্ছে।'

খালের উপর নির্মাণ করা হয়েছে মুরগীর খামার। এতে দূষিত হচ্ছে খালের পানি

৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহ আলম খান ফারসু এ ব্যাপারে জানান, 'এলাকার অনেকেই আমার কাছে অভিযোগ দিয়েছেন যে, সরকারি খালের উপর মুরগির ফার্ম দিয়ে পানি ও পরিবেশ দূষন করেছে আঃ মান্নান মিয়া। আমি এলাকাবসীর স্বার্থে এলাকার কোন ক্ষতি হোক তা চাই না।'

এলাকার মতিউর রহমান মতিন জানান,  আঃ মান্নান মিয়া’র সরকারি খাল দখল করে অবৈধভাবে মুরগির খামার নির্মাণ করাটা অন্যায় কাজ হয়েছে।

অভিযুক্ত আঃ মান্নান মিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে সাংবাদিকদের বলেন, 'আমি সরকারি খালের উপর ঘর করে মুরগির খামার করেছি তাতে কী হয়েছে? সরকারি জমিতে মুরগির খামার করলে কি হয়? কোন সমস্যা হলে সেটা আমি বুঝব। এজন্য যা যা করা লাগবে তা আমি দেখব। আমার কারো পরামর্শ বা উপদেশ নেয়া লাগবে না।'

আইনিউজ/আরিফ খান/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়