ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৭, ২৭ জুন ২০২১
আপডেট: ১৯:০৪, ২৭ জুন ২০২১

রিকশা-পণ্যবাহী যান ছাড়া সব গণপরিবহণ বন্ধ

দেশে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তিনদিনের সীমিত লকডাউন ঘোষণা করেছে সরকার।

এ লকডাউনে সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে আগামী তিন দিনের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ থাকবে। এ সময়ে পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। বন্ধ থাকবে শপিংমল, মার্কেট, বিনোদন কেন্দ্র। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাওয়া যাবে না।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর পরিপ্রেক্ষিতে সোমবার থেকে সীমিত এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়