ঢাকা, শনিবার ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৪:২২, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:২৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

জাহাজ সেবায় চালু হলো দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘জাহাজী’

তথ্য প্রযুক্তি: এখন থেকে অনলাইন অ্যাপের মাধ্যমেই পাওয়া যাবে নৌপথে লাইটার জাহাজ ভাড়াসহ নানা ধরনের সুবিধা। অ্যাপের মাধ্যমে জাহাজের মালিক, সাপ্লাইয়ার, ক্যারিয়ার, এজেন্ট ও ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দেওয়ার পাশাপাশি নিশ্চিত হতে পারবেন জাহাজের অবস্থান।

অভ্যন্তরীণ নৌপথে লাইটার জাহাজ ভাড়া করা ও পণ্য পরিবহনে জটিলতাকে সহজ করে তোলতে চালু হলো দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘জাহাজী’।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আপাতত গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করা যাবে অ্যাপটি ।  শিগগিরই আসছবে অ্যাপসটির আইফোন ভার্সন।

অ্যাপটি সম্বন্ধে নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নৌ সেক্টর অপার সম্ভাবনাময় খাত, এই সেক্টরে নতুন উদ্যোক্তাদের আমরা সবসময় স্বাগত জানাই। ২০৩০ সালের মধ্যে এসডিজি ও ডেল্টা প্লান বাস্তবায়নের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘জাহাজী অ্যাপের মাধ্যমে নৌপরিবহন খাতে যুক্ত বিশাল একটি জনগোষ্ঠী নানা বিপত্তির হাত থেকে মুক্তি পাবে।’

জাহাজীর তরুণ উদ্যোক্তাদের সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এই তরুণরা দেশের মধ্যে থেকে, দেশের কাদামাটি শরীরে মেখেই এই দেশটাকে বদলে দিতে চায়। এই তরুণদের মতো আরও অনেক উদ্যোক্তা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে বলে আশা করি।’

অনুষ্ঠানে জাহাজীর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজল আব্দুল্লাহ বলেন, ‘লাইটার জাহাজ ছাড়া নৌপথে পণ্য পরিবহণ ব্যবস্থাই অচল। এটিই সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য পরিবহন মাধ্যম। কিন্তু অব্যবস্থাপনার কারণে দৈর্ঘ্য বাড়ার পরও এইখাতের প্রবৃদ্ধি বাড়ার বদলে উল্টো কমছে।’

অভ্যন্তরীণ নৌপথে পণ্যবাহী জাহাজ ভাড়া করা ও পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকে জাহাজ মালিক, সাপ্লায়ার, ক্যারিয়ার, এজেন্ট এবং ব্রোকার। কিন্তু এই সেক্টরটি এখনো প্রাচীন পদ্ধতিতে মুখের কথা, অনুমান ও অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হয় উল্লেখ করে কাজল আব্দুল্লা বলেন, ‘জাহাজী অ্যাপের মাধ্যমে লাইটার জাহাজের মালিক, সাপ্লাইয়ার, ক্যারিয়ার, এজেন্ট ও ব্রোকাররা ঘরে বসেই জাহাজ বুকিং দেওয়ার পাশাপাশি সেটার অবস্থান নিশ্চিত হতে পারবেন। পাশাপাশি চলন্ত জাহাজ থেকে পণ্যের মূল্য এবং মান যাচাই করে বালি, পাথরের মতো পণ্য কিনতে পারবেন। লাইটার জাহাজের জন্য এই সেবা বিশ্বের আর কোথাও নেই।’

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘একজন অংশীদার ও নেতা হিসেবে গত কয়েক দশক ধরে এই সেক্টরে কাজ করার কারণে এই সেক্টরের ভেতর-বাইরে খুব ভালো করে জানি। আমি মনে করি, জাহাজী অ্যাপ এই সেক্টরের একটি গেইম চেঞ্জার হতে যাচ্ছে।’

অভ্যন্তরীণ নৌ-পরিবহন খাতে ডিজিটাইজেশনে জাহাজী ভূমিকা রাখবে উল্লেখ করে প্রযুক্তি পরামর্শক নাঈমুজ্জামান মুক্তা বলেন, ‘জাহাজীর মতো তরুণ উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়