ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১৮:০৩, ১৮ আগস্ট ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেগম খালেদা জিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি এই টিকা নেন।

সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালের ভেতরে যাননি। গাড়ির ভেতরে বসেই তিনি টিকা গ্রহণ করেন। তাকে মডার্নার টিকা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার টিকা গ্রহণের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি।

খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বিষয়টি আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। এতে আগে থেকেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় সেখানে বিএনপির অনেক নেতাকর্মীও ভিড় করেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া প্রায় ৫৩ দিন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। তিনি গত ১৯ জুন গুলশানের বাসায় ফিরেন। তবে করোনাপরবর্তী শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়