ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ২০ আগস্ট ২০২১
আপডেট: ১৭:৩৩, ২০ আগস্ট ২০২১

নিষেধাজ্ঞার মধ্যেই রাজধানীতে তাজিয়া মিছিল

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুরানো ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়।

রাজধানীর আজিমপুরে ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলের ভিডিও ফুটেজে দেখা যায়, শতাধিক যুবক মিছিল নিয়ে বের হয়েছে। এছাড়া হোসেনি দালান এলাকায় সবাই জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা গণমাধ্যমকে বলেন, করোনা বিধিনিষেধের কারণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিষিদ্ধ। আমরা এখন পর্যন্ত কোথাও তাজিয়া মিছিল বের হওয়ার কোনো খবর পাইনি। কোনোভাবেই তাজিয়া মিছিল বের করতে দেওয়া হবে না। করোনার বিধিনিষেধ পরিপালনে কাজ করছে পুলিশ।

করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে ১০ মুহররম তাজিয়া মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হযরত মুহাম্মদের (সা.) দৌহিত্র ইমাম হোসেন (রা.) শহীদ হওয়ার স্মরণে প্রতি বছর শিয়া সম্প্রদায় এ তাজিয়া মিছিল বের করে থাকে।

উল্লেখ্য, হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহম্মদের (সা.) দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্বমুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়