ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৪:৩৬, ১ সেপ্টেম্বর ২০২১

বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এক যুগেরও বেশি সময় থেকে ক্ষমতার বাইরে রয়েছে এ দলটি। এমন অবস্থাতেই তারা পদার্পন করতে যাচ্ছে দলের ৪৪ বছরে।

১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলটির দায়িত্বভার গ্রহণ করেন। মিসেস জিয়া দায়িত্ব বুঝে নেবার পর দুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি।

১৯৭৮ সালের এই দিনে যে দলটির জন্ম, গত তিন দশকে সেই বিএনপি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। দলীয় নেতৃত্বের ওপর সর্বশেষ বড় ধরনের আঘাতটি এসেছে ১/১১-র পট পরিবর্তনের পর।

তবে বর্তমানে দেশের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। দলের নেতারা জানাচ্ছেন,  এমন এক সময়ে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, যখন করোনা মহামারি সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। শর্ত সাপেক্ষ মুক্ত হলেও রাজনীতির বাইরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। ফলে খুব সাদামাটাভাবে পালিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘আজ থেকে ৪৩ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এ দেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বারবার দেশ ও গণতন্ত্রের সংকটকালে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতনকে সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমি সেই অদম্য সাহসের প্রতীক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এ দিনে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত যেসব নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে এখন পর্যন্ত যেসব নেতাকর্মী আত্মদান করেছেন তাদের প্রতিও জানাই আমার অকৃত্রিম শ্রদ্ধা।’

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বিএনপি দেশ ও মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশ আজ দুঃশাসন কবলিত। তার ওপর করোনা মহামারির আক্রমণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে দেশের মানুষ। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’

বিএনপির জন্ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি শুরু করেন। জিয়া যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন করবেন তখন তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।

জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসলে জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। জাগদলকে বিএনপির সাথে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন। জিয়ার এই দলে বাম, ডান, মধ্যপন্থি সকল প্রকার লোক ছিলেন। বিএনপির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় ৪৫ শতাংশ সদস্য শুধুমাত্র রাজনীতিতে যে নতুন ছিলেন তাই নয়, তারা ছিলেন তরুণ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় দুই ঘণ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এখানে উল্লেখ্য, বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: উইকিপিডিয়া, বিবিসি বাংলা, ঢাকাপোস্ট

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি

বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়

লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান

সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, ‘সব দায়িত্ব কি পুলিশের?

দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়