Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ২৪ ডিসেম্বর ২০২৫

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, ১৭ বছর পর দেশে ফেরার পথে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-202–এ তিনি লন্ডন থেকে ঢাকা অভিমুখে যাত্রা করছেন। ফ্লাইটটি ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিটে (লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

মধ্যরাতে লন্ডন ত্যাগ করে সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তিনি দেশের মাটিতে পা রাখবেন বলে জানা গেছে।

এ সময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তার আগমনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র জানিয়েছে, লন্ডন থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে তারেক রহমানের জন্য A1 নম্বর আসন নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি লন্ডন হিথ্রো-সিলেট-ঢাকা রুটে পরিচালিত হচ্ছে এবং বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে যাত্রী পরিবহন করা হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির নেতারা আশা করছেন, ঢাকায় প্রায় ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানেই তাকে দেওয়া হবে স্মরণীয় সংবর্ধনা।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়