Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৫ ডিসেম্বর ২০২৫

আজ বড়দিন: যিশুখ্রিস্টের জন্মদিনে খ্রিস্টান সম্প্রদায়ের আনন্দোৎসব

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন, এ বিশ্বাস থেকেই দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন হয়েছিল বলে খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জা করা হয়েছে। বড়দিন উপলক্ষে আজ দিনভর ও রাতেও বিশেষ প্রার্থনার আয়োজন রয়েছে।

শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি উপস্থিত সকলকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলেই বোঝা যায় সমাজ কতটা সুস্থ ও সঠিক পথে আছে।” একটি সুস্থ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে।

এদিকে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শুভ বড়দিন সমাগত। বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।”

বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সরকারি ছুটি। এদিন অনেক খ্রিস্টান পরিবারে ঘরে ঘরে তৈরি হচ্ছে কেক, থাকছে বিশেষ খাবারের আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয়েছে কীর্তন ও ধর্মীয় গানের অনুষ্ঠান।

অনেক খ্রিস্টান পরিবার বড়দিনকে কেন্দ্র করে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান। পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর থেকে অনেকেই গ্রামের বাড়িতে গেছেন।

এ ছাড়া রাজধানীর তারকা হোটেলগুলোতে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিমভাবে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ। আজ সকাল থেকেই গির্জাগুলোতে শুরু হয়েছে বড়দিনের বিশেষ প্রার্থনা।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়