Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ২৫ ডিসেম্বর ২০২৫

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান

রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা শান্তি চাই।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও ঠিক তেমনি সর্বস্তরের মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজও আমাদের সেই ঐক্য বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষ বসবাস করে। আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবে।”

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা শেষে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বাসে ওঠার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি তুলে নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাঁদের বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে তারেক রহমান পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়