ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৬ এপ্রিল ২০২৬

দেশে হামে  আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে, আর বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যা পরিস্থিতির ক্রমাবনতির ইঙ্গিত দিচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪৩ জন শিশু।

এ সময়ে মোট ৩২ হাজার ২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ২১ হাজার ৪৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর মধ্যে ১৭ হাজার ৯৫৫ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া একই সময়ে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়