ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ২৯ মে ২০২১
আপডেট: ২৩:২৪, ২৯ মে ২০২১

সিলেটে দফায় দফায় ভূমিকম্প কিসের ইঙ্গিত?

সিলেটে একদিনে পাঁচ থেকে সাতবার ভূমিকম্প হয়েছে শনিবার। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত দফায় দফায় মৃদু এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, এটা বড় কোনো ভূমিকম্পের বার্তা দিচ্ছে। তাদের মতে, সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে বা পরে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, ‘বেলা তিনটা পর্যন্ত পাঁচবার কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে চারটি হলো ৪.১, ৪, ৩ এবং ২.৮ মাত্রার। কোনো কোনোটি এত মৃদু যেসব স্টেশনে মাত্রা মাপাও যায়নি।’

মমিনুল ইসলাম বলেন, সিলেটে এমন আর কখনো হয়নি, যদিও সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের ঝুঁকির মধ্যে। বিশেষ করে তিনটি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশে। সিলেটের জৈন্তায় আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে সবগুলোই ছোটো ধরনের ভূমিকম্প।

আবহাওয়াবিদ বলেন, ‘কিন্তু ভূমিকম্পের প্রিশক ও আফটারশক থাকে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোট কম্পন হয়। আবার বড় ভূমিকম্প হলে তারপর ছোট ছোট কম্পন হয়। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ সেজন্য সতর্ক থাকতে হবে। তাছাড়া ওই অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস আছে।’

ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটে সিলেটে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্পটি প্রথমবার অনুভূত হয়েছে। পরে বেলা ২টা ৩৪ মিনিট ২৯ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় বলে অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া হয়েছে।

তবে স্থানীয় সাংবাদিক আহমেদ নূর বিবিসিকে বলছেন, সকাল থেকে বেলা দুটো পর্যন্ত অন্তত পাঁচবার ঝাঁকুনি অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে আর্থ অবজারভেটরি। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটেরই জৈন্তা এলাকা। তিনি বলেন, ‘সিলেটের জৈন্তা এলাকার ডাউকি ফল্টেই সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে আমাদের কেন্দ্রে আমরা চিহ্নিত করেছি। ডাউকি ফল্ট পূর্ব পশ্চিমে প্রায় তিনশ কিলোমিটার বিস্তৃত এবং এটি বাংলাদেশের অভ্যন্তরেই পলিমাটি দিয়ে ঢাকা।’

ভূমিকম্পের প্রবণতা নিয়ে ২০০৩ সাল থেকে গবেষণা করছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তার গবেষণা মডেল বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। তিনি জানান, বাংলাদেশের দুই দিকের ভূ-গঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। তবে আজকের প্রথম ভূমিকম্পটি ভালোভাবে বোঝা গেলেও পরেরগুলো ছিল আরও মৃদু কম্পন অর্থাৎ খুবই হালকা ধরনের।

হুমায়ুন আখতার বলেন, ‘কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের অভ্যন্তরে দুটি অঞ্চলে যেভাবে শক্তি সঞ্চিত হয়ে আছে বহুকাল ধরে তাতে আট মাত্রার পর্যন্ত ভূমিকম্প হতে পারে যদি একবারে হয়। হলে একবারেও হতে পারে আবার ভেঙে ভেঙে বা দফায় দফায়ও হতে পারে। কিন্তু কোন মাত্রার হবে এটা আগে থেকে অনুধাবন সম্ভব না।’

এক ঘণ্টাতেই চারবার কেঁপেছে সিলেট

সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় এক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটের সময় প্রথমে ভূমিকম্প অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতে ফের ১০টা ৫১ মিনিটে সামান্য কম্পন অনুভব হয়। এরপর ১১টা ৩০ মিনিটে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক চার মিনিট পর ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূমিকম্প অনুভূত হয়। বিস্তারিত...

৭ দিন সতর্ক থাকার আহ্বান

এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এতো কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন সহজভাবে নেয়ার বিষয় নয়। তাই আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকার আহবান জানানো হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান,পর পর এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন হওয়ায় আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকতে বলেছেন তিনি। বিস্তারিত...

বিদ্যুৎ-গ্যাস ব্যবহারে ৫ দিন সতর্ক থাকার পরামর্শ

সিলেটে একদিনে পর পর পাঁচবার অনুভূত হয়েছে ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে বা পরে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে। তাই এ বিষয়ে এখন থেকেই সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৯ মে) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম আইনিউজকে বলেন, সিলেট ও ঢাকার আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে আজকের ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভারতের আসাম। সিলেটের নিচে ৪.১ দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। বড় ধরণের বিপদ এড়াতে আমাদের বিধিনিষেধ মেনে চলতে হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়