ঢাকা, মঙ্গলবার ৩০ জুন ২০২৬,   আষাঢ় ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৪:১৯, ১২ মে ২০১৯
আপডেট: ০৬:০৭, ১৩ মে ২০১৯

সিলেটে ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিলেট: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে ছাত্রলীগ নেতার অসৌজন্যমূলক আচরণ ও হুমকির প্রতিবাদে আজ রোববারও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। কর্মসূচিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের সহসভাপতি সরোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতারের আলটিমেটাম মানববন্ধনকারীরা।  রোববার বেলা একটার দিকে হাসপাতালের চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের চৌহাট্টা এলাকায় যান। বিক্ষোভ মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়। এ সময় হাসপাতালের সামনের প্রধান সড়কে ‘চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল চাই’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা। মানববন্ধনে চিকিৎসকেরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হওয়াটা কাম্য নয়। কর্মস্থলে চিকিৎসকেরা নিরাপদ নন, এই ঘটনাই তার প্রমাণ। এ সময় তারা ২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতারের দাবি জানান। চিকিৎসকেরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে সরোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার না করা  হলে আরো বৃহৎ ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিলেট শাখার সভাপতি বদরুল হোসেন চিকিৎসকদের এ আন্দোলনে একাত্মতা পোষণ করে ছাত্রলীগের নেতা পরিচয় দানকারী সরোয়ার হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক সহকর্মীর চিকিৎসার জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যান দক্ষিণ সুরমা ছাত্রলীগের সহসভাপতি সরোয়ার হোসেন চৌধুরী। এ সময় হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসক অভিজ্ঞ চিকিৎসকের জন্য তাঁদের অপেক্ষা করতে বললে তার সাথে সরোয়ার হোসেন চৌধুরীর কথা-কাটাকাটি হয়।  কথা-কাটাকাটির একপর্যায়ে সরোয়ার শিক্ষানবিশ ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। পরে শনিবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় নিরাপত্তাহীনতার বিষয় উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন হাসপাতালের পরিচালক ফেরদৌস হোসেন।
Green Tea
সর্বশেষ