ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৫৬, ২৪ আগস্ট ২০২১

‘বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে দেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে।

প্রতিমন্ত্রী আজ বাদ জোহর সু্প্রীম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি আমির হোসেনের জানাজায় অংশগ্রহণ করে এসব কথা বলেন।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবীসহ সু্প্রীম কোর্টের আইনজীবীরা। জানাজা শেষে মরহুম আমির হোসেনকে গার্ড অভ্ অনার দেয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি আমির হোসেন। 

বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুনসেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে ২০০৯ সালের ৬ মে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।

গাজীপুর জেলা জজ থাকা অবস্থায় তিনি ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব শেষে ২০১৭ সালের ১১ অক্টোবর বিচারপতি আমির হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জীবদ্দশায় তিনি অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, চায়না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডস সফর করেছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়