ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১৩, ৭ জুন ২০২০
আপডেট: ১৩:৩৯, ৭ জুন ২০২০

গভীর কোমায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমানে গভীর কোমায় আছেন এবং তার অবস্থা এখন স্থিতিশীল।

রোববার নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, ‘উনার অবস্থার উন্নতি-অবনতি নেই। অবস্থা আগের মতো।’ সেই সময় তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

এই ব্যাপারে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি  বড়ুয়া জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা খুব আশঙ্কাজনক। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং এ মুহূর্তে গভীর কোমায় আছেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ১৩ সদস্যের মেডিকেল টিম। সেই টিমের প্রধান ডা. কনক কান্তি বড়ুয়া। তারা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা নিয়ে শনিবার বিকেলে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন।

মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারী আশরাফুল আলম মিন্টু বাসসকে জানান, বোর্ড মিটিংয়ে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে। ফলে সেদিনই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়