ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৮ জুন ২০২০
আপডেট: ১৭:০২, ৮ জুন ২০২০

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য

ছবি- আইএসপিআর

ছবি- আইএসপিআর

লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য শান্তিরক্ষা মেডেল পেয়েছেন।

ইউনাইটেড ন্যাশন ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) এর মেরিটাইম টাস্ক ফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার এডমিরাল সেরজিও রেনাটো বেরনা সালগুইরিনহু বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় এর কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনে কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই মেডেল তুলে দেন। 

গত ৩ জুন লেবাননের বৈরুতে মেডেল প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- লেবানিজ নৌবাহিনীর কমান্ডার, কমান্ডার-ইন-চীফ সিনিয়র ক্যাপ্টেন হাইসাম দানাওই।
   
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান।

তিনি জানান, দেশের সমুদ্রসীমা নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের অধীনে পরিচালিত বিশ্বের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স (এমটিএফ) এ বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট ও প্যাট্রোল ক্রাফটসমূহ এক দশকের বেশি সময় ধরে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে। ব্রাজিল, জার্মানি, গ্রিস, ইন্দোনেশিয়া ও তুরস্কের যুদ্ধজাহাজের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও নৌ-সদস্যরা ভূমধ্যসাগরের লেবানিজ জলসীমার নিরাপত্তা প্রদান ও অবৈধ সরঞ্জাম প্রবেশ রোধের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এতে নৌবাহিনীর সদস্যরা পেশাগত দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করে দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করছে। 

মেডেল প্যারেড অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সব নৌ-সদস্যেকে সফলভাবে মিশন কর্মকাণ্ড সম্পাদনের জন্য ধন্যবাদ জানান।

এছাড়া মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী সব নৌসদস্যদের নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্বশান্তি কার্যক্রমে স্বার্থক এবং নিবেদিতভাবে অবদান রাখার জন্য সাধুবাদ জানান। 

তিনি বর্তমানে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সবাইকে বিশেষ স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন। বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সব পদক্ষেপ যথাযথভাবে মেনে চলার জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় এর সব নৌসদস্যকে ধন্যবাদ জানান। 

জাতিসংঘের ম্যানডেট অনুযায়ী ইউএনআইএফআইএল- এ বাংলাদেশ নৌবাহিনীর সাফল্যের ধারাবাহিকতার জন্য তিনি নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়