ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ৮ জুন ২০২০
আপডেট: ২১:১২, ৮ জুন ২০২০

লাইফ সাপোর্টে মোহাম্মদ নাসিম

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই খারাপ। তার শরীরে কোনো কিছুই কাজ করছে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অবস্থার কোনো উন্নতি কিংবা অবনতি হয়নি। 

রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ড বৈঠক করে আগের ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের সময়সীমা বাড়িয়ে মোট ৭২ ঘণ্টার সিদ্ধান্ত নেয়। সোমবার নাসিমের আইসিইউতে ভেন্টিলেশনে থাকার ৭২ ঘণ্টা পূর্ণ হলেও তার পরিবার ও ডাক্তারদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

গত শনিবার মোহাম্মদ নাসিমের চিকিৎসকরা জানিয়েছিলেন, আইসিইউতে ৭২ ঘণ্টা পার হলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বোর্ডের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হক। এই বিশেষজ্ঞ চিকিৎসা বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া রোববার রাতে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস একই রকম আছে। তিনি ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল সেরকমই আছে। অবস্থার কোনো উন্নতি নেই। মোহাম্মদ নাসিমের জ্ঞান কখন ফেরে সেটি বোঝা যাচ্ছে না। তিনি কারো ইশারায় সাড়া দিচ্ছেন না। সিটি স্ক্যান করার মতো অবস্থায় নেই তিনি। অবস্থার কিছুটা উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে। 

এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। এরপর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিম। প্লাজমা থেরাপি দেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ব্রেইন স্ট্রোক করায় অবস্থার গুরুতর অবনতি ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়