নিজস্ব প্রতিবেদক
দেশ ও জনগণের জন্য কল্যাণমূলক বাজেট হয়েছে: কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার যে বাজেট ঘোষণা করেছে তা দেশের ও জনগণের জন্য কল্যাণমূলক। কিন্তু বিএনপির পক্ষে এ বাজেটের ব্যাপকতা অনুধাবন করা সম্ভব নয়।
শুক্রবার নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রয়ায় এ কথা বলেন তিনি।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, বাহাউদ্দীন নাছিম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ আরো অনেকে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ নিজের দ্বিতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির পক্ষে বাজেটের ব্যাপকতা ও সম্ভাবনা অনুধাবন করা সম্ভব নয়, এটাই স্বাভাবিক। কারণ তারা বাজেট ঘোষণার আগেই কোনো ধরনের বিচার-বিশ্লেষণ না করে মনগড়া পুরনো ও গতানুগতিক গল্পের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা তো ক্ষমতায় থাকার সময় ১১টি বাজেট ঘোষণা করেছে। তারপরেও বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছে।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বরাবরই বলেছেন, বাজেট বাস্তবায়ন হবে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে- বিএনপি নেতাদের এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করতে দেখা গেছে। এবারও তারা সংকট জয়ের সুপরিকল্পিত উদ্যোগ এই বাজেটের বিরুদ্ধে চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র ৫০ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে এবার শুধুমাত্র স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা এবং সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
বাজেট নিয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের কারণে কয়েকমাস ধরে বিপর্যয়ের পরেও বাজেটের আকার কমেনি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট এটি। আমাদের বাজেটের আকার কমেনি, বরং বেড়েছে। এবারের বাজেট হচ্ছে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট।
জীবন-জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল এবারের বাজেট বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ বছরে দেশের অর্থনীতির ধারাবাহিক অগ্রগতির সুফল এই বাজেট। করোনা মোকাবিলার পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা, মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখেই বাজেট ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায় ভিন্ন পরিপ্রেক্ষিতে প্রণীত। এই বাজেট করোনার বিদ্যমান সমস্যাকে সম্ভাবনায় রূপ দেয়ার বাস্তব সম্মত প্রত্যাশার দলিল। করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জের গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখে প্রণীত হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিস্কারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের গবেষণা চলছে, তাই এই ভ্যাকসিন আবিস্কার হলে দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার পরিকল্পনাও বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
দীর্ঘ সাধারণ ছুটি ও লকডাউনের কারণে দরিদ্র কর্মজীবী মানুষের কষ্ট লাঘবে সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ করে এই খাতকে তৃতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনায় আনা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
বৈশ্বিক মহামারি করোনা সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব সংকট ও সমস্যা মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাাহ।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























