ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১২ জুন ২০২০

২০২০-২১ অর্থবছর

বাজেট যেভাবে সাজানো তা বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এ বাজেট আমরা যেভাবে সাজিয়েছি, সেভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবো। তিনি বলেন, আমাদের প্রত্যাশা হলো করোনা বেশিদিন প্রলম্বিত হবে না। 

শুক্রবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেটোত্তর অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

যেহেতু আইএমএফ বলছে, ২০২০-২১ অর্থবছরে ৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবো। এরইমধ্যে আমাদের ভৌত অবকাঠামো তৈরি করা আছে। সুতরাং আমরা বিশ্বাস করি, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট আমরা বাস্তবায়ন করতে পারব। এজন্য বাজেটটি দেয়া হয়েছে।

বাজেটটি স্বাভাবিক নয় উল্লেখ করলেও অর্থমন্ত্রী বলছেন, সারা বাংলাদেশের মানুষ আমাদের নিয়ে কী ভাবে, কী স্বপ্ন দেখে, এগিয়ে যাওয়ার জন্য তাদের যে প্রত্যয়–সবকিছু আমরা মূল্যায়ন করেছি। আইএমএফ কী বলেছে, বিশ্ব ব্যাংক কী বলেছে এবং আমাদের আরো দাতাগোষ্ঠী যারা আছে, ইকোনমিক থিংক ট্যাংক যারা আছেন এবং দেশি-বিদেশি সব থিংক ট্যাংকের মতামত নিয়ে এ বাজেট দাঁড় করাবার চেষ্টা করেছি।

বিশাল বাজেট করার ব্যাখ্যা দিয়ে মুস্তফা কামাল বলেন, আমি জানি, এ বাজেটটি ভিন্ন, আগেই বলেছি। যেহেতু স্বাভাবিক পথ আমাদের জন্য ছিল রুদ্ধ, ভিন্ন পথেই আমাদের কাজটি করতে হয়েছে। সেজন্য হয়তো আপনারা দেখবেন, অনেকের কাছে অনেক অসঙ্গতি মনে হবে। কিন্তু উপায় ছিল না আমাদের। বাজেট না থাকলে কোনো অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে নেয়া যায় না। 

এখন আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে, অনেকে না খেয়ে কষ্ট পাবে, যারা চাকরি হারিয়েছেন তারা কষ্ট পাবে, যারা রিকশা শ্রমিক তারা কষ্ট পাবে– এসব মানুষের কষ্ট দূর করার জন্য প্রধানমন্ত্রী কোনো সময় নষ্ট না করে দ্রুত ছুটে এলেন। আমাদের নির্দেশনা দিলেন, আমরা যেন প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেন, সেই নির্দেশনা মেনে সবাইকে সহযোগিতা করি। সেই কাজটি আমরা করে যাচ্ছি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়