ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১৩ জুন ২০২০

বাবাকে যে সেলে হত্যা, সেখানেই ৯ মাস ছিলেন নাসিম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। শৈশব থেকেই পার করেছেন নানা চড়াই-উতরাই। রাজনীতির হাতেখড়িটাও শৈশবেই। একসময় নিজেও নেমেছেন সক্রিয় রাজনীতিতে। ছাত্রলীগ, যুবলীগ হয়ে আওয়ামী লীগ। দেশের রাজনীতির দীর্ঘ অধ্যায়জুড়ে ছিলেন মোহাম্মদ নাসিম। 

স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের প্রতিটি রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মিশে আছে তার নাম। নাসিম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ১৪ দলের মুখপাত্র হিসেবেও কাজ করে আসছিলেন মোহাম্মদ নাসিম।

শনিবার সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান এই বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তি। 

এর আগে ২০১৭ সালে জেল হত্যা দিবসে নাসিম তার দুঃসহ স্মৃতি জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তার বাবা ক্যাপ্টেন এম মনসুর আলীকে যে সেলে হত্যা করা হয়েছিল, সেই সেলেই ৯ মাস রাখা হয়েছিল তাকে। 

১৯৭৫ সালের ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। তারা হলেন- মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের সদস্য এম মনসুর আলী ও এইচএম কামরুজ্জামান। তারা বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ট ছিলেন। এই হত্যাকাণ্ডের পর মোহাম্মদ নাসিম ভারতে আত্মগোপনে যান এবং সেখানেই চার বছর ছিলেন। ১৯৮০ সালে দেশে ফিরে আসলে পাবনা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জাতীয় চার নেতাকে যে সেলে হত্যা করা হয় ঘটনাক্রমে তাকেও সেই সেলে রাখা হয়।

সে সময়ের স্মৃতিচারণা করে মোহাম্মদ নাসিম বলেছিলেন, ‘আমিও ওই সেলে ৯ মাস ছিলাম। ওই দিনগুলোয় সেখানে আমি বাবার নিঃশ্বাস অনুভব করতাম। আমার সবচেয়ে বড় দুঃখ বাবাকে হত্যার পর আমি তার মুখও দেখতে পারিনি। এতোকিছুর পরও ২০১৩ সালে জেল হত্যার বিচার শেষ হয়েছে। তবে কয়েকজন হত্যাকারী এখনো পলাতক আছে। আশা করছি হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনতে অন্য দেশগুলো সাহায্য করবে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়