চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আরো আইসোলেশন সেন্টার বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর
ছবি: আইনিউজ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে স্থাপিত সিটি হল কনভেনশন সেন্টারকে করোনার আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুতের পর নগরে আরো কয়েকটি আইসোলেশন সেন্টার চালু করতে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে চালু করা ২৫০ শয্যার সিটি হল আইসোলেশন সেন্টার উদ্বোধনের সময় এ তাগিদ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম শহরে প্রায় ৭৫ লাখ মানুষের বাস। প্রতিদিন জীবিকার প্রয়োজনে ১০-১৫ লাখ মানুষ পার্শ্ববর্তী এলাকা থেকে এই নগরে যাতায়াত করে। বিভিন্ন জেলা মিলিয়ে চট্টগ্রাম বিভাগে প্রায় সাড়ে তিন কোটি মানুষের বসবাস। করোনায় আক্রান্ত ৮০ শতাংশ মানুষ হোম আইসোলেশনে থেকে সেরে উঠছে। তবে আক্রান্তরা ঘরে থাকলে তাদের মাধ্যমে পরিবারের সদস্যরা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই করোনায় আক্রান্তদের আইসোলেশনে থাকার পাশাপাশি যাতে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সেবা সংস্থার প্রচেষ্টায় একের পর এক আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
এ সময় মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, চসিকের উদ্যোগে এই আইসোলেশন সেন্টারটি স্থাপন করা হয়েছে। তবে চসিকের উদ্যোগে আরো কয়েকটি আইসোলেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা নিতে হবে। করোনা রোগীর চাহিদা পূরণ করতে আইসোলেশন সেন্টার বৃদ্ধি করতে হবে।
সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আমরা সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী নগরবাসীর পাশে দাঁড়িয়েছি। তিন মাস অতিবাহিত হবার পরও করোনা এখনো নিয়ন্ত্রণহীন। ঢাকার পর চট্টগ্রামই এখন করোনার হটস্পট। নগরের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই এই আইসোলেশন সেন্টারটি স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, যতদিন করোনা সেবা চলবে ততদিন পর্যন্ত সিটি হল কনভেনশন সেন্টারটি ব্যবহারের জন্য চসিককে সম্মতি দিয়েছেন কনভেনশন সেন্টারের সত্ত্বাধিকারী সী কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এই কারণে তার প্রতি চসিক ও নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ২৫০ শয্যার এই আইসোলেশন সেন্টারটিতে ২১০ শয্যা পুরুষদের ও ৪০ শয্যা নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি, বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোস্তফা খালেদ আহমেদ, চসিক প্রধান নির্বাহি মো. সামসুদ্দোহা, জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, সিটি হল আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া, সী কম গ্রুপের নাসিরুদ্দিন মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























