ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ৬ অক্টোবর ২০২০

সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট, খাগড়াছড়ি ও নোয়াখালীসহ সারাদেশে নারীর ওপর সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে সাধারণ ছাত্র সমাজের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। এর প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ থেকে মশাল মিছিলের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন।

ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শাহবাগ থেকে মশাল মিছিল বের করার ঘোষণা দেন।

পুলিশি বাধার মুখে পড়ে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছিলেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। সেখান থেকে সরে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়ন।

আন্দোলনকারীদের সড়ক অবরোধ করে অবস্থানে যানচলাচল বন্ধ হয়ে পড়েছিল। এবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়ে ধর্ষণবিরোধী মিছিলটি। দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এমনকি তাদের ওপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা গেছে।

পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। এতে পাঁচ আন্দোলনকারী আহত হয়েছেন।

কলাবাগান ছাত্র ইউনিয়নের সদস্য সাদিয়া ইমরোজ ইলা বলেন, পুলিশের লাঠিচার্জে মোহাম্মদপুর থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়