ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০২, ১৬ এপ্রিল ২০২১

শনিবার থেকে ৪ দেশে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

দেশে অবস্থানকারী প্রবাসীদের জন্য শনিবার থেকে চার দেশে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।

শুক্রবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এয়ারলাইনসটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৭ এপ্রিল) থেকে দুবাই, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।  স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে সব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে।

সেখানে বলা হয়েছে, ইউএস-বাংলা সপ্তাহে ৯টি ফ্লাইট ঢাকা থেকে দুবাই, ৭টি ফ্লাইট ঢাকা থেকে মাস্কাট, ৪টি ফ্লাইট ঢাকা থেকে দোহা ও ১টি ফ্লাইট ঢাকা থেকে সিঙ্গাপুরে পরিচালনা করবে। 

নির্দেশনা অনুযায়ী সকল আন্তর্জাতিক রুটের যাত্রীদের ভ্রমণের ৭২ ঘণ্টা পূর্বে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। একই সাথে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে যেসব যাত্রী দেশে আসবেন প্রত্যেককেই সরকারের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে প্রাতিষ্ঠানিক কিংবা হোটেলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষ ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের সেলস অফিস, নিকটস্থ ট্রাভেল এজেন্সি, ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, করোনার কারণে আরোপিত আটদিনের লকডাউনের ফলে ২১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিকরা। তাই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু হবে। এসব দেশে ১০০ থেকে ১২০টি ফ্লাইট পরিচালনা করা হবে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়