ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১৩, ১৮ এপ্রিল ২০২১

চালু হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল

অবশেষে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’ এর উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে হাসপাতালটি উদ্বোধন হয়। হাসপাতালটি আর্ম ফোর্সেস ডিভিশনের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সার্বিক সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতালটির বিভিন্ন ফ্লোরে এখনও আইসোলেশন ফ্যাসিলিটি নির্মাণের কাজ চলছে। তবে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় যে ফ্লোরগুলো প্রস্তুত সেগুলোতে রোগী ভর্তি কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখানে থাকবে ১০০ শয্যার আইসিইউ। এরই মধ্যে ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে। এ হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরইমধ্যে ১৫০ জন চিকিৎসক হাসপাতালে যোগদান করেছেন, নার্স যোগদান করেছেন ২০০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যোগদান করেছেন ৩০০ জনের মতো। এছাড়া এই হাসপাতালে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রায় ১৫০ জন চিকিৎসক ও বিভিন্ন বিষয়ে দক্ষ কর্মীরা সহযোগিতা করছে।

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আপাতত ৫০ বেডের আইসিইউ, ৫০ বেডের জরুরি সেবা (মেডিসিন) এবং ১৫০টি আইসোলেশন বেডের আইসোলেটেড কক্ষ নিয়ে এ হাসপাতালের কার্যক্রম শুরু। তবে এপ্রিল মাস নাগাদ এটি সম্পূর্ণভাবে চালু করা যাবে বলে আশা করছি।

গত ২২ মার্চ করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরও পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নির্দেশে বলা হয়, দেশে ক্রমাগত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়