ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:২৬, ১৮ এপ্রিল ২০২১

করোনা: হাসপাতালে ভর্তির পাঁচ দিনের মধ্যে ৫২ শতাংশ রোগীর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। কঠোর লকডাউন শুরুর পর থেকে দৈনিকে শনাক্ত কমলেও মৃত্যু একশ ছাড়িয়েছে। গেলও ২৪ ঘণ্টায়ও রেকর্ড ১০২ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে। 

এদিকে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে মারা যাচ্ছেন রোগীরা।

সাম্প্রতিককালের মৃত্যু পর্যালোচনা করে আইইডিসিআর জানিয়েছে, হাসপাতালে ভর্তির পাঁচ দিনের মধ্যে ৫২ শতাংশ করোনা রোগীর মৃত্যু হচ্ছে। এর মধ্যে ২৬ শতাংশ রোগী উপসর্গ শুরুর পাঁচ থেকে ১০ দিনের মধ্যে ভর্তি হয়েছিল। ১২ শতাংশ ভর্তি হয় উপসর্গ শুরু ১১ থেকে ১৫ দিনের মধ্যে।

আইইডিসিআরের তথ্য বলছে, করোনায় মার্চে মৃতের সংখ্যা ছিল ৬৩৮, যা এপ্রিলের প্রথম ১৫ দিনে এসে বেড়ে দাঁড়িয়েছে ৯৪১ জনে। সে হিসাবে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৩২ দশমিক ২ শতাংশ।

এছাড়া গত ১৮ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সময়ের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে রোগীদের হাসপাতালে ভর্তির হার ৪৪ শতাংশ। 

নারী ও পুরুষের তুলনামূলক মৃত্যুর পর্যালোচনা করে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে যখন করোনা সংশ্লিষ্ট মৃত্যুহার সর্বোচ্চ ছিল সে সময়ে নারী-পুরুষের মৃত্যুর (২২৬/৯৮২) অনুপাত ছিল ১ঃ৩ঃ৫। কিন্তু এ বছরের এপ্রিলে দেখা গেছে নারী-পুরুষের মৃত্যুর (২৬৩/৬১৪) অনুপাত ১ঃ২ঃ২৩। অর্থাৎ গত বছরের চাইতে নারীরা এ বছর বেশি মারা যাচ্ছেন।

দেশের করোনা পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ১০২ জন মারা গেছেন। এ সময় শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৬৯৮ জনকে। একদিনে সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ১২১ জন।

দেশে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।  এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৩৮৫ জন। আর সুস্থ হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়