ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২০, ২১ এপ্রিল ২০২১

লকডাউন

ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।

তিনি জানান, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও জানান, বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

উল্লেখ্য, চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিনের জন্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়েছে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে কঠোর লকডাউন।

এ বিষয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, সাইন্টিফিক্যালি ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। এই লকডাউন আরও কঠোর হবে।

তিনি বলেন, সংক্রমণ ম্যানেজ করা আমাদের উদ্দেশ্য। আমরা মনে করছি, আরো সাতদিন লকডাউন দিলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

এই কঠোর লকডাউনে জরুরি পণ্য ও সেবার সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমের বাইরে সবকিছু বন্ধ রাখা হয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। তাই তাদের সাহায্যে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়