ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ২১:২১, ২২ এপ্রিল ২০২১

বাংলাদেশকে পাঁচ লাখ করোনা টিকা উপহার দেবে চীন

উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা দিবে চীন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী।

এর আগে, পাবনার রূপপুর পাওয়ার প্ল্যান্টে কর্মরত রাশিয়ানরা রাশিয়ার টিকা নিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ বাংলাদেশে উৎপাদন হবে। মস্কো ও ঢাকা এ বিষয়ে সম্মত হয়েছে। কারণ আমরা সেটা তৃতীয় দেশেও বিক্রি করতে পারব।

এদিকে করোনাভাইরাসের টিকার জন্য বাংলাদেশসহ ৬ দেশকে নিয়ে চীনের জোট গঠিত হয়েছে। এ বিষয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৬টি দেশ নিয়ে করোনার টিকা সংরক্ষণের একটি প্রস্তাব দিয়েছে চীন। আর এই প্রস্তাবে সম্মত আছে বাংলাদেশ।

উল্লেখ্য, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। এমন অবস্থায় নিজের দেশের চাহিদা মেটাতে বিদেশে করোনার টিকা রফতানি স্থগিত করেছে ভারত সরকার। এদিকে বাংলাদেশে টিকার পর্যাপ্ত মজুদ নেই। তাই অন্যান্য দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়