ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৭, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৫৬, ২৩ এপ্রিল ২০২১

রাশিয়ার করোনা টিকার ফর্মুলা গোপন রাখতে হবে বাংলাদেশকে

রাশিয়ায় করোনা ভ্যাকসিন

রাশিয়ায় করোনা ভ্যাকসিন

রাশিয়ার সঙ্গে যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদন করবে বাংলাদেশ। এক্ষেত্রে টিকার ফর্মুলা গোপন রাখতে হবে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকর্মীদের এসব জানান।

আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়া আমাদের টিকা দিতে যে রাজি, সেটা জানিয়েছে। তবে বাংলাদেশের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে না। এ জন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তারা জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তবে বাংলাদেশকে একটা কাজ করতে হবে। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না। টিকার ফর্মুলা গোপন রাখা হবে, এটা কাউকে জানানো হবে না, এই শর্তে আমরা চুক্তি সই করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে টিকা উৎপাদনে সক্ষম একাধিক প্রতিষ্ঠানের নামের তালিকা রাশিয়াকে দেয়া হয়েছে। এখন রাশিয়া এক বা একাধিক প্রতিষ্ঠানকে এ ফর্মুলা দিতে পারে। রাশিয়া যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে রফতানির প্রস্তাব মেনে নিয়েছে।

চুক্তির ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে সম্প্রতি চুক্তি করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উৎপাদনের বিষয়ে বিভিন্ন আনুষ্ঠানিক দলিলে সই হয়েছে।

রাশিয়ার কাছ থেকে টিকা কেনার ব্যাপারে মন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনের জন্য সময় প্রয়োজন। তবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা রাশিয়ার কাছ থেকে কেনা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়