ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৬, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৫১, ২৩ এপ্রিল ২০২১

দেশে করোনা কাড়ল আরও ৮৮ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৬২৯ জনকে।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন। অন্যদিকে  মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে। 

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৯৬টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত ৮৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৫৩, বেসরকারি হাসপাতালে ৩৪ এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। যার মধ্যে দশ বছরের কম বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন এবং ষাটোর্ধ্ব ৬০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ২২৫জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জনে। সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়