ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩৫, ২৬ এপ্রিল ২০২১

বোরো মৌসুম: ২৭ টাকায় ধান, ৪০ টাকায় চাল কিনবে সরকার

ফাইল ছবি

ফাইল ছবি

বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বাজার থেকে মিল মালিকদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে সেদ্ধ ও ৩৯ টাকা কেজি দরে আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৬ এপ্রিল) আসন্ন বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান কেনা হবে।

আগামী ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে বলেও জানান সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘গত ২২ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভা হয়। কতগুলো সিদ্ধান্ত অসম্পূর্ণ ও নীতিগত সমস্যা থাকায় সেদিন সংবাদ সম্মেলন করা সম্ভব হয়নি। বোরোতে কৃষকে ন্যায্যমূল্য দেয়ার চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘গত বছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে আতপ চাল কেনা হয়েছিল।’

সেই হিসাবে এবার এক টাকা বেশি দরে ধান ও ৩ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের ২২ এপ্রিল পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী, দেশের সরকারি গুদামে মাত্র ৪ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যার মধ্যে চালের পরিমাণ ৩ দশমিক ০৫ লাখ টন।

মজুদের এই পরিমাণ গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর জুলাই মাসে অর্থবছরের শুরুতেও সরকারের গুদামে ১১ দশমিক ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়