ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৩৬, ২৭ এপ্রিল ২০২১

দেশে অনুমোদন পেলো রাশিয়ার ভ্যাকসিন স্পুতনিক-ভি

দেশে জরুরীভাবে ব্যবহারের জন্য রাশিয়ার টিকা (ভ্যাকসিন) স্পুতনিক-ভি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশে রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে কোনো আইনগত বাধা আর থাকলো না।

মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিন কেনার জন্য সুপারিশ করেছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

সরকারি নথি সূত্রে জানা যায়, কিনতে চাইলে রাশিয়া আগামী মে মাস থেকেই বাংলাদেশকে ভ্যাকসিনটি দিতে পারবে।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ফর্মুলা গোপন রাখার শর্তে দেশেই করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি থেকে কিছু ভ্যাকসিন নগদ অর্থে ক্রয়ও করবে বাংলাদেশ সরকার।

মন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে রাশিয়ার যে চুক্তি হয়েছে, সেখানে আমরা বলেছি যে, কিছু আমরা ক্যাশ দিয়ে কিনব; আর কিছু এখানে স্থানীয়ভাবে উৎপাদন করব। আমাদের দেশের কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি রাশিয়ার সহায়তা ভ্যাকসিনটি উৎপাদন করবে। তবে শর্ত হচ্ছে, এর ফর্মুলা আমরা কাউকে দিতে পারব না।’

দেশে চীনের ভ্যাকসিন আনা প্রসঙ্গে মোমেন জানান, চীনের সঙ্গে ভ্যাকসিন আনা নিয়ে কথা চলছে। প্রাথমিকভাবে চীন বাংলাদেশকে কিছু ভ্যাকসিন ফ্রি দেবে, সংখ্যাটা ৫-৬ লাখের মতো হবে।

রাশিয়ার এই টিকা অনুমোদনের পর বর্তমানে দেশে মোট দুইটি করোনার ভ্যাকসিনের অনুমোদন রয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়