ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:০১, ২৭ এপ্রিল ২০২১

মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণার খোঁজ মিলেছে

হেফাজত নেতা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর বসিলার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ঝর্ণাকে উদ্ধার করে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। বিকেলে তাঁকে তাঁর বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে সোমবার মেয়েকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য থানায় জিডি করেন ঝর্ণার বাবা ওলিয়ার রহমান।

জিডিতে ওলিয়ার রহমান বলেন, মামুনুল হকের অপকৌশলে ঝর্ণার সুখের প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারে দুটি সন্তান রয়েছে। এক পর্যায়ে জীবনের তাগিদে কাজের সন্ধানে ঝর্ণা ঢাকায় আসে।

জিডিতে আরও বলা হয়েছে, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঘটনার পর তিনি জানতে পারেন, তাঁর মেয়েকে ইসলামি শরিয়তের বিধান মোতাবেক বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন মামুনুল হক। ওই ঘটনার পর তিনি তাঁর মেয়ের ঢাকার ঠিকানায় হাজির হয়ে তাঁকে পাননি।

ওলিয়ার রহমানের মনে বিশ্বাস জন্মে, মামুনুল হকের লোকজন তাঁর মেয়েকে অপকৌশল করে ও ভয়ভীতি দেখিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন। এমন অবস্থায় তাঁর মেয়েকে জরুরিভাবে উদ্ধার করা আবশ্যক বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ৩ এপ্রিলের পর থেকেই জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়