ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:১৫, ২৯ এপ্রিল ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দিতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। এমন পরিস্থিতিতে দেশটিকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিতে চায় বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগণের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

ভারতকে বাংলাদেশ সরকারের সহায়তার মধ্যে থাকছে প্রায় ১০ হাজার অ্যান্টিভাইরাল ইনজেকশন ও মুখে গ্রহণের ওষুধ, ৩০ হাজার পিপিই, কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের পাশে আছে। ভারতের প্রতি বাংলাদেশ সংহতি জানাচ্ছে। মানুষের জীবন বাঁচানোর সম্ভাব্য সব উপায়ে সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

করোনা সংক্রমণের বিস্তারে ভারতে মানুষের মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৭ জনের। মোট মৃত ২ লাখ ৪ হাজার ৮১২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৪৫৯ জন। মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়