ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৩০, ২৯ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নন-করোনা ইউনিটে চিকিৎসাধীন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) খালেদা জিয়ার শারিরীক অবস্থার সর্বশেষ আপডেট হিসেবে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

জাহিদ হোসেন বলেন, উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। আর পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভারকেয়ারে ৭২০৪ কেবিনে তিনি আছেন।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই বলে জানা গেছে। তবে তার চিকিৎসায় এভারকেয়ারের নন-করোনা ইউনিটে ১০ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত...

এ বিষয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা বাসায় চলছিলো সেই চিকিৎসাসহ সেখানে আরো কিছু নতুন ঔষধ যুক্ত করা হয়েছে এবং যোগ করার পরিপ্রেক্ষিতে আলহামদুল্লিলাহ উনি (খালেদা জিয়া) এখন স্টেবল। আজকে একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের ৭ সদস্যের মেডিকেল বোর্ড। আর এই বোর্ডে ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী, আমি এবং অধ্যাপক মো. আল মামুনও আজকে ছিলেন। অর্থাৎ ১০ সদস্যের একটা মেডিকেল বোর্ড উনার এই পর্যন্ত যেগুলো পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার রিভিউ করেছেন। পরবর্তীতে উনাকে তারা পরীক্ষা করে আরো কিছু পরীক্ষার সুপারিশ করেছেন। এই বোর্ডের সুপারিশ মোতাবেক পরীক্ষাগুলো আজকে অথবা কালকে হবে। সেসব পরীক্ষাগুলো রিভিউ করে ম্যাডামের সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা সম্পন্ন হবে।

অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডামের অবস্থা স্টেবল। দেশবাসীসহ দলের নেতা-কর্মীদের কাছে আমি উনার জন্য দোয়া করার কথা বলছি। আমরা খুবই আশাবাদী। ইনশাআল্লাহ ম্যাডাম খুব শিগগিরই উনার বাসায় ফিরে যাবেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত এই মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়