ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:১৮, ২৯ এপ্রিল ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণে কেন্দ্র পরিবর্তন করা যাবে

করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ গ্রহণের পর দ্বিতীয় ডোজ একই কেন্দ্রে গ্রহণের নির্দেশ ছিল। কিন্তু চলমান বিধিনিষেধের কারণে অনেকেই ঢাকায় বা ঢাকার বাইরে আটকে পড়েছেন। তাদের জন্য এই নির্দেশনা থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন।  

স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে, লকডাউনের বিধি-নিষেধের জন্য যারা ঢাকায় বা ঢাকার বাইরে আটকে পড়েছেন তাদের জন্য রাজধানীর পাঁচ হাসপাতাল কিংবা বিভাগীয় হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

অধিদফতর জানায়, যারা ঢাকার বাইরে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন তারা রাজধানীর দুই সিটি কর্পোরেশনের পাঁচটি ভ্যাকসিনেশন সেন্টার থেকে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন।

এ পাঁচটি হাসপাতাল হলো- কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (কিডনি হাসপাতাল), জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

রাজধানীর দুই সিটি কর্পোরেশনের পাঁচ হাসপাতালের মতোই টিকার প্রথম ডোজ গ্রহণকারী কোনো জেলায় আটকে গেলে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ছাড়া অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন প্রথম ডোজ গ্রহণকারীরা। 

ডা. মো. শামসুল হক  জানান, দেশে চলমান বিধিনিষেধের আগে স্থান পরিবর্তন করেছেন বা প্রথম ডোজ নেয়ার পর স্থান পরিবর্তন করেছেন তাদের কথা ভেবেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ডা. শামসুল হক বলেন, ঢাকায় থেকে ঢাকার ভেতরে কেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই। এমনকি একই জেলা বা সিটি কর্পোরেশনের ভেতরে কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়