ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৫, ৩ মে ২০২১
আপডেট: ০০:১৮, ৪ মে ২০২১

জুনে বাসস্থান পাবেন আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী জুন মাসে আধা-পাকা বাড়ি পাচ্ছে আরও প্রায় সাড়ে ৫৩ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে তাদের বাসস্থান হিসেবে এই আধা-পাকা বাড়িগুলো দেওয়া হবে। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এসময় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ন-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন। এছাড়াও সব বিভাগীয় কমিশনার, উপ-কমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোনো রকম ব্যত্যয় ছাড়া গুণগত মান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়।

বাড়ির গুণগত মান নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, গুণগত মানের বিষয়ে কোনো আপস করা হবে না। যদি কোনো ব্যত্যয় পাওয়া যায় আমরা জিরো টলারেন্স দেখাবো। কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা কাউকে এই উদ্যোগের সুনাম নষ্ট করতে দেব না।

কায়কাউস বলেন, গৃহহীন ও ভূমিহীনদের মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেয়া, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি পৃথিবীতে বিরল মডেল। অসহায় মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেয়া এ কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেগ মিশে আছে। তিনি প্রতিনিয়ত এর খোঁজ-খবর রাখেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়