ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ৬ মে ২০২১
আপডেট: ২১:১৭, ৬ মে ২০২১

ধারণ ক্ষমতার অতিরিক্ত ক্রেতা, লাখ টাকা জরিমানা গুনল আড়ং

অভিযানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

অভিযানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

চলমান বিধিনিষেধের মধ্যে খোলা রয়েছে দোকানপাট ও শপিং মল। তবে শর্ত ছিল মানতে হবে স্বাস্থ্যবিধি। কিন্তু এ শর্তের উপেক্ষা করেই দেশব্যাপী চলছে ঈদের বাজার। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাঠে নেমেছে প্রশাসন।

তাইতো স্বাস্থ্যবিধি না মেনে ধারণ ক্ষমতার অতিরিক্ত ক্রেতা অবস্থান করায় আড়ংয়ের আসাদগেট আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৬ মে) পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি আউটলেটের ভেতরে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেন।

এ সময় মেয়র আতিক বলেন, ‘ভেতরে মার্ক করা আছে, সেই মার্কের মধ্যে সবাই দাঁড়াবেন। ভুলে গেলে চলবে না আমাদের পরিবার কিন্তু আছে। মেয়র হিসেবে আমি নিজেই এসেছি। আমি বলতে এসেছি যে, আপনাদের নিজেদেরই সাবধান হতে হবে। নিজে সাবধানতা অবলম্বন করলে পরিবার বাঁচবে, শহর বাঁচবে এবং দেশ বাঁচবে।’

তিনি বলেন, ‘আপনাদের অনুরোধ করছি, সামাজিক দূরত্ব মেনে আপনারা সবাই দাঁড়াবেন। কাউন্টারে যারা আছেন, তারা লক্ষ্য রাখবেন ক্রেতা যেন মার্ক করা জায়গায় দাঁড়ায়। এছাড়া কেউ কাউন্টারে ভিড় করবেন না। মাস্ক পড়ুন, সামাজিক দূরত্ব মেনে চলুন।’

আড়ং কর্তৃপক্ষ জানায়, আমরা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা রেখেছি। কিন্তু ক্রেতাদের মানাতে পারছি না। নিষেধ করার সত্ত্বেও অনেকে চলে আসেন। একজন ক্রেতার সঙ্গে ৩ জন ৪ জন করে চলে আসেন। আমরা চেষ্টা করেও মানাতে পারছি না। এখন মেয়র সাহেব আসছেন, অনেক কথা বলেছেন। আমরা এরপর ওনাদের নির্দেশনা মেনে চলবো।’

পরে এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখবে। কিন্তু অনেকেই তা মানছে না। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়