ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ৭ মে ২০২১
আপডেট: ২০:৪৭, ৭ মে ২০২১

ভ্যাকসিন নিলেও বেখেয়ালি চলাফেরা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,আমাদের হাতে অল্প কিছু ভ্যাকসিন আছে। সকলকে টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভ্যাকসিন পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে ভ্যাকসিন নিয়ে বেখেয়ালি ভাবে চলাফেরা করা যাবে না।

শুক্রবার (৭ মে) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

একইসাথে স্বাস্থ্যবিধি না মানলে বাংলাদেশের অবস্থাও ভারতের মতো করুণ হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঈদকে সামনে রেখে শপিংমল ও বিভিন্ন যানবাহনে যে ভিড় লেগেছে তাতে তিনি শঙ্কিত বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন যারা নিয়েছেন তারা অনেকই মনে করছেন তাদের করোনা হবে না। দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্যবিধি আমাদের অবশ্যই মানতে হবে। ঈদকে সামনে রেখে যেভাবে মানুষ তাদের পরিবারের সদস্যদের নিয়ে দোকানপাটে ভিড় করছে, তাতে আমি শংকিত। ফেরিঘাটে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। প্রতিটি ফেরিতে শত শত মানুষ পার হচ্ছে। এতে করে করোনাভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অবস্থা ভারতের মতো খারাপ হবে।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছিল। হঠাৎ করেই আবার করোনা বেড়ে গেছে। প্রথম দিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য দেশে দুই হাজার বেড ছিল। আর এখন সারাদেশে রয়েছে মোট ১৩ হাজার বেড। গত এক বছরে সারাদেশে ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশে একটি মাত্র ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা ছিল। বর্তমানে সারাদেশে ৪০০ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখনো ওষুধ ও অক্সিজেনের অভাব হয়নি। প্রতিদিন আমাদের গড়ে ৭০ থেকে ৮০ টন অক্সিজেন লাগে। দেশে অক্সিজেন উৎপাদন হচ্ছে ২০০ টন। আগামী মাসে আরও ৪০ টন অক্সিজেন উৎপাদন হবে। এতে আমাদের অক্সিজেনের অভাব হবে না। বেশি সংক্রমিত হলে হাসপাতালে জায়গা থাকবে না, অক্সিজেন থাকবে না। এতে যে কী সমস্যা হবে তা বলে বোঝানো যাবে না।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়