ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ৯ মে ২০২১
আপডেট: ২১:২৯, ৯ মে ২০২১

‘আইনের বাইরে গিয়ে বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিদের বিদেশে যাওয়ার সুযোগ নেই। তাই খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন মঞ্জুর করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৯ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ নিয়ে তার কাছে গিয়েছিলেন খালেদা জিয়ার ছোটভাই শামীম এস্কান্দার। বিষয়টি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় জানিয়েছে ৪০১ ধারায় সাজা স্থগিত করে (খালেদা জিয়াকে) যে সুবিধা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আবার সাজা মওকুফ করে এ ধরনের সুবিধা দেওয়ার (বিদেশ যাওয়ার) সুযোগ নাই।

আসাদুজ্জামান খান বলেন, ‘আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, আমরা আবেদনটি মঞ্জুর করতে পারছি না। তাদেরকে আমরা এটাই জানিয়ে দেব।’

মানবিক দিক বিবেচনা করে বিদেশ যেতে দেওয়া যায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, মানবিকতা দেখিয়েই তো সেই সুযোগ আইন অনুযায়ী দেওয়া যায় কিনা সেজন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মানবিকতা দেখিয়ে প্রধানমন্ত্রী সাজা স্থগিত করে উনাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন।

আইনমন্ত্রী তার মতামতে সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন। এছাড়া সাজাপ্রাপ্ত কারো বিদেশে চিকিৎসার নজির নেই বলেও মতামতে উল্লেখ করা হয়েছে।....বিস্তারিত

এর আগে গত বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। লিখিত আবেদনটি পাওয়ার পরপরই তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে রাতেই পাঠানো হয়।

এরপর এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে সেখানে কী মতামত দিয়েছেন, জানতে চাইলে আইনমন্ত্রী তখন জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সোমবার (৩ মে) বিকাল সাড়ে চারটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত

বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়