ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১২ মে ২০২১
আপডেট: ১০:৫৭, ১৩ মে ২০২১

চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোজা ৩০টি পূর্ণ হবে। চাঁদের দেখা না পাওয়ায়, শুক্রবার (১৪ মে) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বুধবার (১২ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ১৪৪২ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব কার্যালয় ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়েছে। তথ্য পর্যালোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ বুধবার ২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে। শুক্রবার থেকে শাওয়াল মাস শুরু হবে।

চাঁদ দেখা কমিটির সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান, ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ঢাকার জেলা প্রশাসক মুহাম্মদ মামুনুল হক, মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসন ও ওলামা-মাশায়েখদের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এর আগে ৭টার দিকে এ বৈঠক শুরু হয়। বিস্তারিত...

এছাড়াও, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭-টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ এ ফ্যাক্স করতে বলা হয়।

আরও পড়ুন-

ঈদের চাঁদ দেখে যে দোয়া পড়বেন

নতুন চাঁদ দেখে দোয়া পড়া প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) এর সুন্নত। শুধুমাত্র শাবান, রমজান ও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখেই এ দোয়া পড়তে হবে এমন নয়, প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখলে এ দোয়া পড়া রাসূল (সা.) এর সুন্নত।

নতুন চাঁদ দেখলে প্রিয় নবি (সা.)  কল্যাণ ও বরকতের দোয়া করতেন। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। ২৯ রমজান সন্ধ্যায় ঈদুল ফিতরের চাঁদের সন্ধান করে মুমিন মুসলমান। ঈদের চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই মুমিন মুসলমান প্রিয় নবি (সা.) এর সুন্নাতের অনুসরণ ও অনুকরণে এ দোয়া পড়বেন। কল্যাণের প্রার্থনা করবেন। দোয়াটি জানতে পড়ুন বিস্তারিত...

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মুসল্লিদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিস্তারিত...

ঈদের পর বাড়তে পারে লকডাউন

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় চলমান লকডাউন ‘কঠোর বিধিনিষেধ’ ঈদের পর আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এটা সবাইকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এ কারণে আমাদের পরিকল্পনা আছে লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর। এ বিষয়ে আরও বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়