ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ১৮ মে ২০২১
আপডেট: ১৩:১৮, ১৮ মে ২০২১

স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটক রেখে হেনস্তা করে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও  স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার (১৮ মে) ঠাকুরগাঁওয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এ দাবি জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, করোনাকালীন সরকারের দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা ছিল রোজিনা ইসলামের অপরাধ। এ কারণে আজ তার এই অবস্থা।

আমরা কখনো ভাবতে পারিনি একজন সংবাদকর্মীর সঙ্গে এ ধরনের ন্যক্কারজনক কাজ হবে সচিবালয়ের কার্যালয়ে। আজ শুধু রোজিনা নয়, তার মতো অনেক সাংবাদিক সত্য লিখতে ভয় পায়। এ সকল কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানাই এই সরকারকে। অবিলম্বে রোজিনা ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রিক সমাজকে ধ্বংস করে দেয়ার জন্য এটা সরকারের একটা নীল নকশা। বাংলাদেশে কোনো মানুষের অধিকার নেই। সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, লয়ারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, ডাক্তারের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। সমাজকে বিভক্ত করে ধ্বংস করা হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বললেও সরকার যেতে দিচ্ছে না। কারণ খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষের একজন সৈনিক। তিনি সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ওবায়েদুল্লাহ মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়