ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ১৯ মে ২০২১
আপডেট: ১৩:৫৭, ১৯ মে ২০২১

ওমর সানি-মৌসুমীর ছেলের সিসা বারে অভিযান, গ্রেফতার ১১

রাজধানীর গুলশান-২ এলাকার মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এসময় ১১ জনকে আটক করা হয়।

জানা গেছে, সিসা বারটি তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনের।

বার থেকে গ্রেফতাররা হলেন— দীন ইসলাম, হৃদয়, নাসির উদ্দিন, সৌরভ কস্তা, ওমর ফারুক, রিজওয়ান রোজারিও, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

এ বিষয়ে ওমর সানি গণমাধ্যমকে জানান, মন্টানা লাউঞ্জ আসলে একটি খাবারের রেস্টুরেন্ট। এর মালিক আমার ছেলে এবং তার আরও দুই বন্ধু। খাবারের পাশাপাশি এখানে সিসা খাওয়ার ব্যবস্থা ছিল। আমরা কোনো বেআইনি কাজ করিনি। আমরা দেশের আইন অনুযায়ী চলতে চাই। আমরা খুব সুন্দরভাবেই আছি এবং বাকি জীবনটাও খুব সুন্দরভাবে থাকব। অবৈধ কোনো কিছু আমরা করিনি এবং করবও না।

অভিনেতা ওমর সানি বলেন, গুলশান বনানীতে প্রায় ৪০টির মতো সিসা লাউঞ্জ আছে। সিগারেট অবৈধ না হলে সিসা কেন অবৈধ? তারপরেও সরকার যদি গুলশান বনানীসহ দেশের সব সিসা লাউঞ্জ বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। এখানে আমাদের আসল ব্যবসা খাবারের। সাপ্লিমেন্টারী হিসেবে সিসা বারটি ছিল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গুলশান-১ ও ২ এর মাঝামাঝি আরএম সেন্টার ভবনে মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বার তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বারটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে আমরা ১১ জনকে আটক করি। এছাড়া অভিযানে সিসা ও সিসা সেবন করার বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা সেবন নিষিদ্ধ। তাই এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়