ঢাকা, সোমবার   ২৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩

প্রকাশিত: ০৯:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৯

রফিক-সাকিবের পাশে এবার নাম লেখালেন তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: দ্রুততম ১০০ উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশি বোলারদের কথা বললে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের নাম ওঠে আসে সবার আগে।  কিন্তু এইবার এই দুইজনের পাশে নাম লেখালেন তাইজুল ইসলাম। টেস্টে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। বাকি দুজনের চেয়ে কম টেস্ট ম্যাচ খেলেই মাইলফলকে পৌঁছালেন এই বাঁহাতি স্পিনার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রয়োদশ ওভারে বল করতে এসেই রেকর্ড বইয়ে নাম লেখান তাইজুল।

ওভারের দ্বিতীয় বলটি মিড স্টাম্প বরাবর ফেলেছিলেন তাইজুল। খানিকটা বেরিয়ে তা ইহসানুল্লাহ জাদরানকে পরাস্ত করে ভেঙে দেয় স্টাম্প।

ক্যারিয়ারের ২৫তম টেস্টে ৪৪ ইনিংসে ১০০ উইকেট নিলেন তাইজুল। এর আগে নিজের ২৮তম টেস্টে একশো উইকেট স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান।

বাংলাদেশের সবার আগে একশো উইকেটে পৌঁছান মোহাম্মদ রফিক। ৩৩ টেস্টে একশো উইকেট নিয়েই অবসরে যান টেস্টের শুরুর দিকে বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক রফিক।

মজার বিষয় হচ্ছে টেস্টে বাংলাদেশের হয়ে সেরা তিন উইকেটশিকারীই বাঁহাতি স্পিনার। অধিনায়ক সাকিব ৫৬ টেস্টে এখন পর্যন্ত নিয়েছেন ২০৫ উইকেট। তারপরেই একশো উইকেট নিয়ে আছেন রফিক আর তাইজুল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়