ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ৯ জুন ২০২১
আপডেট: ১৮:২৬, ৯ জুন ২০২১

প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বলতা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একই সাথে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের যদি আমরা চিহ্নিত করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে।

বুধবার (৯ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এবারের বাজেটে দুর্বলতা কী ছিলো এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কোনো উইকনেস (দুর্বলতা) নেই। আমি কোনো পার্টিকুলার সিগমেন্ট (নির্দিষ্ট অংশ) উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখবো কারা উপকারভোগী। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারবো। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন যে,নিম্নআয়ের মানুষদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। এ নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।

আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে বলে বেসরকারি সংস্থার প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারো তথ্য গ্রহণ করতে পারি না।

অর্থ মন্ত্রণালয় নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রথমে আমাকে বলতে হবে কোনো কোনো জায়গায় আপনারা ব্যত্যয় দেখেছেন। পুরো তালিকা আমাকে দিতে হবে। সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়