ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ১০ জুন ২০২১
আপডেট: ১৪:৩৬, ১০ জুন ২০২১

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। 

বৃহস্পতিবার (১০ জুন) আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, পরবর্তী ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্টাংশে মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোণায়, সেখানে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়