ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ১১ জুন ২০২১
আপডেট: ১২:০০, ১১ জুন ২০২১

পছন্দের আইনজীবীকেই বিয়ে করেছেন রেলমন্ত্রী

দুইদিন আগেও বিয়ের জন্য চিন্তাভাবনা করছেন বলে জানালেও এবার প্রকাশ্যে আসলো রেলমন্ত্রীর বিয়ের খবর। গত ৫ জুন দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনিকে (৪২) ইসলামী শরিয়ত ও সরকারি আইন মেনে বিয়ে করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

শুক্রবার (১১ জুন) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন রেলমন্ত্রীর সদ্য বিবাহিত স্ত্রী শাম্মীর বড়ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন। শাম্মী বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে। তারা দুই ভাই এক বোন। 

জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (​পিডিবি) লাইনম্যান পদে চাকরির সুবাদে কয়েক বছর আগে আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর তারা বিরামপুরেই জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। 

জাহিদুল ইসলাম মিলন বলেন, আমার বোন শাম্মী ঢাকার উত্তরায় থাকেন। সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে  হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছেন। আইনি বিষয়ে পরমার্শ নিতে ২০ দিন আগে রেলমন্ত্রীর কাছে যায় আমার বোন। পরে আমার বোনকে মন্ত্রীর পছন্দ হয়।

তিনি আরও জানান, পারিবারিকভাবে ৫ জুন উত্তরায় আমার বোনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।

এর আগে ২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম ৫৮ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিন সন্তান রেখে তিনি মারা যান।

উল্লেখ্য, নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

প্রসঙ্গত, তার আগের রেলমন্ত্রী মো. মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। স্ত্রী হিসেবে তিনি বেঁছে নিয়েছিলেন তুলনামূলকভাবে বেশ কমবয়সী এক মেয়েকে। এ নিয়ে তিনি বেশ আলোচনা-সমালোচনায় আসেন। 

সূত্র: ঢাকাপোস্ট

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়