ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ১১ জুন ২০২১
আপডেট: ২৩:১৪, ১১ জুন ২০২১

দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ১১ জুন: তথ্যমন্ত্রী

২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার  কারামুক্তির মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে গণতন্ত্রের পায়ে শিকল পরিয়েছিল। কিন্তু ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা কারামুক্তি পান। তার চেয়ে বড় কথা হলো, তার কারামুক্তির মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 

শুক্রবার রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

বিএনপির নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিলেন তারা। জঙ্গিদের আস্তানা তৈরি করে দেশকে অনিশ্চয়তার পথেও ঠেলে দিয়েছিলেন। 

দেশের মানুষের এখন আর ভাত-কাপড়ের অভাব নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়