ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ১৩ জুন ২০২১
আপডেট: ১৯:৩৬, ১৩ জুন ২০২১

চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা আসছে আজ বিকেলে

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা আজ রোববার (১৩ জুন) বিকেল নাগাদ ঢাকায় এসে পৌঁছাবে। এরই মধ্যে টিকা নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান।

রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনটি ছবি দিয়ে হুয়ালং ইয়ান লেখেন, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দু’টি সি১৩০জে।’

এর আগে শনিবার (১২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর দু’টি সি১৩০জে পরিবহন বিমান চীন থেকে টিকা আনার জন্য রাতে ঢাকা ত্যাগ করবে।

গত ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। ওই টিকাও দেশে আনে বিমান বাহিনীর এই পরিবহন বিমান।

গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ফোনালাপ হয়। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানিয়েছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়