ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৬ জুন ২০২১
আপডেট: ১৭:৩৩, ১৬ জুন ২০২১

চলমান বিধিনিষেধ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসময় খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস। 

বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ (বুধবার) মধ্যরাতেই শেষ হচ্ছে লকডাউন। 

করোনাভাইরাসজনিত রোগ (কোভিড ১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সব বিধিনিষেধ কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকসমূহের নির্দেশনার অনুবৃত্তিকমে নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে এ বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৬ জুন ২০২১ তারিখ থেকে ১৫ জুলাই ২০২১ পর্যন্ত বর্ধিত করা হলো-

১. কোভিড-১৯ এর উচ্চঝুঁকিসম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকরা স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ নিজ অধিক্ষেত্রের সংক্রমণ প্রতিরোধ বিধি মোতাবেক লকডাউনসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

২. সব সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খোলা থাকবে।  

৩. সব পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৪.  জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান- ওয়ালিমা, জন্মদিন , পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

৫. খাবারের দোকান ও হোটেল- রেস্তোরাঁসমূহ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ (টেকঅ্যাওয়ে/অনলাইন) করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে।

৬. সব ধরনের গণপরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে চলতি বছরের ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রথমবার বিধিনিষেধ আরোপ করে সরকার। কিন্তু এই নির্দেশ কাজে না আসায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর’ বিধিনিষেধ। যা কয়েকধাপে বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত বহাল ছিল। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়